সত্য-মিথ্যার সংঘাত পৃথিবীর ইতিহাসের চিরন্তন অনিবার্য অধ্যায়। ইতিহাসের এ রূঢ় বাস্তবতার ফলেই মহানবী (সা.)-এর ইসলামী মিশন ক্ষণিকের স্তব্ধতা নিয়ে অপশক্তির মুখোমুখি হয়েছিল। এভাবে ক্রমান্বয়ে মিথ্যার প্রচণ্ড শক্তির দপ্ চূর্ণ করে বিশ্ব বিজয়ের সোপান আবিষ্কৃত হয়েছিল। ইসলামের ইতিহাসের এরূপ একটি ঘটনা হলো তাবুক যুদ্ধ।
তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছিল তদানীন্তন বিশ্বের অন্যতম প্রধান সাম্রাজ্যবাদী শক্তি রোমানদের বিরুদ্ধে। হিজরী নবম সাল মোতাবেক ৬৩০ খ্রিস্টাব্দে মদিনা থেকে ৪০০ মাইল দূরে সিরিয়া সীমান্তে অবস্থিত তাবুক নামক স্থানে এ যুদ্ধ সংঘটিত হয়।
রোমানদের অভিযান : ৬৩০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রোমান সম্রাট হিরাক্লিয়াস মদিনা আক্রমণের বিষয়টি চূড়ান্ত করে। রোমান সাম্রাজ্যের অধীন লাখম, জুযাম, গাসসান, আমেলাহ প্রভৃতি কয়েকটি আরব গোত্রও প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে রোমান বাহিনীতে শামিল হয়। রোমানদের যুদ্ধাভিযানের খবর পেয়ে তা প্রতিহত করা এবং সিরিয়া অভিমুখী বাণিজ্যিক পথ নিরাপদ রাখার জন্য মুসলিম মুজাহিদগণ সিরিয়ার দিকে অগ্রসর হন। মুসলিম মুজাহিদ বাহিনীর পদাতিক সৈন্য সংখ্যা ছিল ১০,০০০, আশ্বারোহী ৩০,০০০। মদিনা থেকে ৪০০ মাইল দূরে সিরিয়া সীমান্তে অবস্থিত তাবুক নামক স্থানে মুজাহিদ বাহিনী শিবির স্থাপন করে। রোমান সৈন্যরা মুসলিমদের বিরাট আয়োজন ও শক্তিসাহস দেখে সামনে অগ্রসর হয়নি। হযরত মুহাম্মদ (সা.) সেখানে ২০ দিন অবস্থান করে রমযান মাসের মধ্যেই ফিরে আসেন।