১৯১৭ সালে রাশিয়ান বিপ্লবের পর রাশিয়ান সম্রাট বা জারের পতনের পর রাশিয়া ও আশেপাশের একই আদর্শের কয়েকটি রিপাবলিক নিয়ে গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন।
১৯১৮ - ২২ সাল পর্যন্ত লেনিনের নিয়ন্ত্রিত 'রেড আর্মি' ও 'হোয়াইট রাশিয়ান(জাতীয়তাবাদী সমর্থক)' দের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়। শেষ অবধি রেডরা ক্ষমতা সুসংহত করতে সক্ষম হয়। ইতিহাসে এরা বলশেভিক নামেও পরিচিত। বলশেভিকরা বিভিন্ন রিপাবলিকে ক্ষমতা দখল করে ঘোষণা করে জমি, কলকারখানা ও অন্যান্য সম্পদ একটা যৌথ সমবায় ব্যবস্থার অধীনে নিয়ন্ত্রিত হবে, যা দিয়ে অভিজাততন্ত্রের স্বার্থের বদলে কৃষক ও শ্রমিক সহ সকলের স্বার্থ রক্ষা করা যাবে। ১৯২২ সালের ৩০ ডিসেম্বর রাজতন্ত্র সমর্থকদের চূড়ান্ত পরাজয়ের মধ্য দিয়ে বিভিন্ন রিপাবলিকরা যুক্ত হতে শুরু করলে সোভিয়েত ইউনিয়নের আকার বড় হতে শুরু করে।
১৯২২ সালে যুদ্ধে জয়ী হয়ে লেনিন 'সোভিয়েত ইউনিয়ন' (Union of Soviet Socialist Republics - USSR) গঠন করেন। রাশিয়ার গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র হোয়াইট রাশিয়ানদের সহযোগীতা করেছিলো এবং তখন থেকেই মূলত 'স্নায়ুযুদ্ধ' (Coldwar) - এর সূত্রপাত হয়।
সোভিয়েত ইউনিয়নে মূলত রাশিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ট্রান্স ককেশিয়ান দেশগুলো যুক্ত ছিল, যার সাথে ১৯২৪ সালে তুর্কমান ও উজবেক যোগ দেয়। পরবর্তীতে ১৯২৯ সালে তাজিক সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এবং ১৯৩২ সালে কিরিগ ও কাজাখ সোভিয়েত সোশ্যালিস্টরা ইউনিয়নে যোগ দেয়।ট্রান্স ককেশিয়ান অংশটিকে আর্মেনিয়ান, জর্জিয়ান ও আজারবাইজান এসএসআরে বিভক্ত করা হয়। ১৯৪০ সাল নাগাদ লাটভিয়ান, লিথুনিয়ান, এস্তোনিয়ান, মালদোভাসহ বাল্টিক সাগর পাড়ের আরও কিছু অংশ সোভিয়েত ইউনিয়নে যুক্ত হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে এ রিপাবলিকগুলো স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে। সোভিয়েত ইউনিয়নের আয়তন ছিল ২,২৪,০০,০০০ বর্গ কিলোমিটার, যা সে সময়ের সর্ববৃহৎ দেশ। এই বিশাল রাষ্ট্রের মধ্যে ১১টি বিভিন্ন টাইম জোন ছিল। পূর্ব ইউরোপ থেকে শুরু হওয়া ইউনিয়নটি মধ্য এশিয়া হয়ে উত্তর এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল, যার রাজধানী ছিল রাশিয়ার মস্কোতে।
সোর্সঃ ব্রিটানিকা ও রোর মিডিয়া