কাজী ইমদাদুল হক রচিত আবদুল্লাহ উপন্যাসের চরিত্র হলো আবদুল্লাহ ও হালিমা। 'আবদুল্লাহ' উপন্যাসটি মূলত তৎকালীন ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত একটি উপন্যাস। উপন্যাসটি প্রকাশ করা শুরু হয় আজ থেকে ঠিক একশ বছর আগে ১৯১৮ সালে। প্রায় দেড় বছর কাল সময় ধরে কাজী ইমদাদুল হক মুসলিম ভারত পত্রিকায় এই উপন্যাসটির ৩০টি পরিচ্ছেদ প্রকাশ করেন।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি মুসলমান সমাজে যেসব কুসংস্কার, গোঁড়ামি ও অজ্ঞতা মহামারী আকার ধারণ করেছিল, কাজী ইমদাদুল হক উপন্যাসটিতে তারই সুনিপুণ চিত্রায়ন করেছেন।
এ উপন্যাসটি বাঙালি মুসলমান সমাজের স্বরূপ তুলে ধরেছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর 'আবদুল্লাহ'র প্রশংসা করে বলেছিলেন, "'আবদুল্লাহ' বইখানি পড়ে আমি খুশি হয়েছি- বিশেষ কারণ, এই বই থেকে মুসলমানদের ঘরের কথা জানা গেল।" সমাজ সচেতন ও মুক্তমনা পাঠকদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য উপন্যাস।